খুলনার তেরখাদায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। অভিযোগ রয়েছে, তারা তাকে দিঘলিয়ায় না নিয়ে মধুপুর শ্যামনগরের একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।