রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তাঁর বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং করবস্থান সৌন্দর্যবর্ধনের জন্য ঘোষিত ১ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে সোমবার (৫ অক্টোবর) এ অর্থ ছাড় করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত অর্থ ছাড়ের চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অর্থ ছাড়পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়।

অর্থ ছাড়ের চিঠি অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের অনুকূলে মোট ১ কোটি ৯ লাখ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের বাড়িঘর ও করবস্থান উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কচিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থ ছাড়পত্রে এডিপি বরাদ্দ ব্যবহারের নির্দেশিকা-২০২২সহ প্রচলিত আর্থিক ও প্রশাসনিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো কাজে বরাদ্দের অর্থ ব্যয় করা যাবে না বলেও জানানো হয়েছে।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘সরকার দেরিতে হলেও বাড়িঘর ও করবস্থান উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, এতে আমরা খুশি। এই টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। শুধু আবু সাঈদের স্মৃতি নয়, সরকার যেন সব শহীদ পরিবারের পাশে এভাবে দাঁড়ায়।’

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এলজিআরডি প্রতিমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন। তাঁর ঘোষণার পাঁচ দিনের মধ্যেই অর্থ ছাড় হয়েছে। সরকার চায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিকে ঘিরে গবেষণা ও আলোচনা হোক।

রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড় হয়েছে। এখন একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট স্থাপনার নকশা ও প্রাক্কলন তৈরি করবে। শহীদ আবু সাঈদের বাড়ি, করবস্থান ও ফাউন্ডেশনকে একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তাঁর বাবা-মায়ের খোঁজখবর নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে আবু সাঈদের বাড়িঘর ও করবস্থান উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। প্রয়োজন হলে আরও অর্থ বরাদ্দের ব্যবস্থার কথাও জানান তিনি।

ঘোষণার পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার। একই সঙ্গে বরাদ্দের অর্থে বাড়িঘর, করবস্থান ও ফাউন্ডেশনসহ নির্ধারিত প্রকল্পগুলোর কাজ যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।