নীলফামারীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব চন্দ্র (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।
নিহত বিপ্লব সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্রের ছেলে। কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিপ্লবের বাবা বিকাশ চন্দ্র রায় জানান, কয়েক বছর আগে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল বিপ্লব। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সে। মঙ্গলবার বিকেলে পূজা দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার সকালে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিপ্লবের পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।