পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে সব জাতিসত্তা ও জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিসত্তা, ইতিহাস, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতি জাতীয় পরিচয়ের অন্যতম শক্তি।
গতকাল রোববার বান্দরবানের রাজার মাঠে ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বান্দরবান পৌরসভার উৎসব উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতি, ধর্ম, বর্ণ, পেশা কিংবা বসবাসের স্থান বিবেচনায় কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সব মানুষকে নিয়েই বাংলাদেশ। তিনি বলেন, পাহাড় ও সমতলের মানুষকে এক করে অভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।
সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে নিতাই রায় চৌধুরী বলেন, সংবিধানের মূলনীতি অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রত্যেক নাগরিকের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সামগ্রিক উন্নয়ন ও সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যেখানেই বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস হোক না কেন, তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, আধুনিক শিক্ষা এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।
সাচিং প্রু আরও বলেন, ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে সমঅধিকার প্রতিষ্ঠা এবং সৌহার্দ্য ও সাম্যের ‘রেইনবো নেশন’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। পাহাড় ও সমতলের সম্প্রীতি আরও সুদৃঢ় করতে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে পার্বত্য অঞ্চলে বড় পরিসরে একটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।