কুড়িগ্রামের উলিপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার  (২৩ অক্টোবর)  এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রাকিব উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন দেখা করার কথা বলে তাকে কাজির মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় যেতে বলেন রাকিব। এজাহারের অভিযোগ অনুযায়ী, সেখানে রাত ২টার দিকে মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হন। পরে কিশোরীকে মাদ্রাসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪ সিপিসি-২ মিরপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।