কক্সবাজারের টেকনাফে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে রফিক (৪০) নামে এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর তাকে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায় দুর্বৃত্তরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃত রফিক দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তার ছোট ভাই আব্দুল্লাহ কায়সার বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বড় ভাইকে অপহরণের বিষয়টি জানান তিনি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা রফিককে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ বলেন, অস্ত্রের মুখে বাড়ি থেকে একজনকে তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। রফিককে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে বক্তব্য জানতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।