বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ১১ তলায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আনুষ্ঠানিকভাবে শাখা অফিসটির উদ্বোধন করেন। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের কার্যক্রম পরিচালিত হবে। সেখানে সভাকক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য অফিস কক্ষের ব্যবস্থাও রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান ইউজিসি ভবনটি পুরোনো ও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষার কার্যক্রম বাড়লেও সে তুলনায় কমিশনের অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে তদারকি ও সমন্বয়ের জন্য ইউজিসির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি জানান, পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরুর লক্ষ্য নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন ভবন নির্মাণের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগ বিকল্প স্থানে স্থানান্তর করা হবে। এর অংশ হিসেবে কয়েকটি বিভাগ ইতোমধ্যে শাখা অফিসে কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
প্রিয় বাংলাদেশসারা দেশ


