পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের এ সাজা দেওয়া হয়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন—সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে রবিন প্রামাণিক (২৫) এবং খান মাহমুদপুর গ্রামের তাজের প্রামাণিকের ছেলে মোলাই মাণিক ওরফে বাবর আলী (৪০)।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, বুধবার রাতে পুলিশের একটি মোবাইল টিম বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির সময় অটোরিকশার পেছনের সিট ও ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মৃত বা রোগাক্রান্ত গরুর চামড়া ছাড়ানো দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এসব মাংসের ওজন আনুমানিক চার মণ।
জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা পেশায় কসাই। ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকায় একটি অসুস্থ গরু কিনে জবাই করেন। পরে মাংস বিক্রির জন্য সাঁথিয়া পৌর এলাকার নিজেদের দোকানে নিয়ে যাচ্ছিলেন।তবে মাংস পরিবহনের বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই নূর মোহাম্মদ সরকার মাংস জব্দ করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।