ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। পরিস্থিতি সামাল দিতে ৯টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আরও ২১টি কারখানা।
রবিবার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শ্রমিকদের কর্মসূচির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি প্রতিষ্ঠান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিকপক্ষ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, তিনটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনে অংশ নেননি। তারা প্রতিষ্ঠানের ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
শিল্প পুলিশের তথ্যমতে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে 'কাজ নেই, মজুরি নেই' নীতিতে।
এদিকে শিল্পাঞ্চলে নতুন করে কোনো বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারিও জোরদার করা হয়েছে।