কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালায় সামাজিক দায়বদ্ধতা থেকে বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
শনিবার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে কর্মশালার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে প্রতিটি মেয়ের শিক্ষাজীবন সম্পন্ন করা এবং কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। এর মধ্য দিয়ে মেয়েরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে। অর্থাভাবে যেসব শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার সাতটি স্কুল ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ, স্বাস্থ্য সচেতনতায় পরিবারের ভূমিকা, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, শিক্ষক ও সংশ্লিষ্টদের করণীয় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এ.এন.এম. খলিলুর রহমান খান। বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি আলহাজ শাহ সুলতান খোকন ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
এ সময় লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যাহ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসক, স্থানীয় সরকার প্রতিনিধি, সচিব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।