রংপুর মহানগরীর অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্প দুটি অনুমোদনের খবরে রংপুর সিটি কর্পোরেশনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার সিটি কর্পোরেশন ক্যাম্পাস ও প্রধান সড়কে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
এদিকে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এক বার্তায় তিনি বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, সড়ক যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে রংপুরকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে। এ উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা জানান, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নগরীর সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমবে এবং সেবার মান বাড়বে।




