উত্তরাঞ্চলে শীতের আবহ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে রস নামাতে ব্যস্ত হয়ে পড়ছেন গাছিরা। সংগৃহীত টাটকা রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু ঝোল গুড়। তবে মৌসুমের শুরুতে রসের কদর থাকলেও এখনো সেভাবে দেখা মিলছে না রসপ্রেমীদের।
সরেজমিনে দেখা গেছে, ভোর হওয়ার আগেই তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের দুই পাশের খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামাচ্ছেন গাছিরা। এরপর সংগৃহীত রস নিয়ে শুরু হয় গুড় তৈরির প্রস্তুতি। মাটির চুলায় বড় পাত্রে রস জ্বাল দেওয়ার মধ্য দিয়ে চলে গুড় তৈরির কাজ। সূর্য ওঠার কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে টাটকা ঝোল গুড়।
তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী গ্রামের গাছি জেলহক আলী জানান, শহরাঞ্চলে খাঁটি খেজুরের রস পাওয়া কঠিন। এ কারণে দূরদূরান্ত থেকে অনেকে গ্রামে রস খেতে আসেন। তবে মৌসুমের শুরুতে রসের ক্রেতা তুলনামূলক কম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রসের চাহিদাও বাড়বে বলে আশা করছেন তিনি। আপাতত রস বিক্রির পাশাপাশি ঝোল গুড় তৈরি করছেন।
মৌসুমি গাছিরা জানান, খেজুরের রস থেকে গুড় তৈরিতে সময় ও শ্রম দুটোই লাগে। মাটির চুলায় ধীরে ধীরে রস জ্বাল দেওয়ার পর এর রং লালচে হয়ে আসে। সঠিক প্রক্রিয়ায় তৈরি করা হলে কোনো ধরনের রাসায়নিক উপাদান ছাড়াই সুস্বাদু গুড় পাওয়া যায়।
একই গ্রামের শাহালম ও খবির উদ্দীন জানান, তারা নিজেরাই গাছ থেকে রস সংগ্রহ এবং তা থেকে গুড় তৈরির প্রক্রিয়া দেখেছেন। তাদের মতে, প্রাকৃতিক উপায়ে ও কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই উন্নতমানের খেজুরের গুড় তৈরি সম্ভব।
চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা শীত মৌসুমে রস সংগ্রহ, বিক্রি ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করেন। তাদের মধ্যে কেউ রস জ্বাল দিয়ে গুড় তৈরি করেন, আবার কেউ সরাসরি রস বিক্রি করেন। বিশেষ করে যারা রস বিক্রি করেন, তারা সংগ্রহের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করেন, যাতে বাদুড় রসের হাঁড়িতে মুখ দিতে না পারে।
স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তাড়াশ উপজেলায় বর্তমানে ১০ হাজার ৫০টি খেজুর গাছ রয়েছে। গ্রামীণ ও আঞ্চলিক সড়কের পাশেও নতুন করে বেশ কিছু খেজুর গাছ বেড়ে উঠছে। গাছ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা সর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, তাড়াশ অঞ্চলের খেজুরের গুড়ের মান ভালো এবং স্বাদেও বেশ জনপ্রিয়। এ গুড়ের চাহিদা দেশের বিভিন্ন এলাকায় রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম দৈনিক ইত্তেফাককে বলেন, খেজুরের রস প্রাকৃতিক শক্তির উৎস। শারীরিক দুর্বলতা কাটাতে খেজুরের রস ও গুড় উপকারী হতে পারে।