ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ধর্মীয় সহনশীলতা, সামাজিক মূল্যবোধ ও সনাতন ধর্মের আচার নিয়ে তার বক্তব্য ঘিরে ফেসবুকে আলোচনা-সমালোচনা চলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি তালিকাভিত্তিক পোস্ট শেয়ার করেন রুমিন ফারহানা। সেখানে বলাৎকার, শিশু নির্যাতন, খুন, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, প্রতারণা, মিথ্যাচার, খাদ্যে ভেজাল ও অন্যের সম্পদ আত্মসাতের মতো বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়। এসব অপরাধের সঙ্গে ধর্মের সম্পর্ক নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্যও তুলে ধরেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ একই পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে দুর্গাপ্রতিমার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমালোচনার বিষয়ে রুমিন ফারহানার আলাদা কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।