অবসর জীবনকে নতুন সম্ভাবনায় রাঙিয়ে তুলেছেন রংপুরের তারাগঞ্জের মোখলেসুর রহমান (৬৫)। বিজিবির চাকরি থেকে অবসরের পর শখের বশে শুরু করেছিলেন কমলা চাষ। সেই উদ্যোগ এখন পরিণত হয়েছে লাভজনক বাগানে। তারাগঞ্জের প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা তার বাগানে থোকায় থোকায় ঝুলছে চীনা জাতের কমলা। গাছভর্তি ফলের সমারোহ দেখতে এবং স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামে ৩০ শতক জমিতে এ বাগান গড়ে তুলেছেন মোখলেসুর রহমান। কৃষি বিভাগের সহযোগিতায় তিন বছর আগে সেখানে চীনা জাতের ৯০টি কমলার চারা রোপণ করেন তিনি। নিয়মিত পরিচর্যায় গাছগুলো এখন ফল দিতে শুরু করেছে। কোনো গাছে সবুজ-হলুদ রঙের কমলা, আবার কোনো গাছে পাকা কমলার উজ্জ্বল আভা। ফলের ভারে অনেক গাছের ডাল নুয়ে পড়েছে।
মোখলেসুর রহমান জানান, অবসর জীবনে সময় কাটানোর পাশাপাশি ব্যতিক্রমী কিছু করার আগ্রহ থেকেই কমলা চাষে যুক্ত হন। এখন তার বাগান দেখতে বিভিন্ন এলাকার মানুষ আসেন। দর্শনার্থীরা নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে খাওয়ার সুযোগও পাচ্ছেন।
বাগান ঘুরে দেখা দর্শনার্থীরা জানান, গাছভর্তি কমলার দৃশ্য যেমন আকর্ষণীয়, ফলের স্বাদও তেমনি ভালো। প্রত্যন্ত গ্রামে এমন বাগান দেখে তারা মুগ্ধ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জে বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান রয়েছে। স্থানীয় মাটি ও আবহাওয়া এ ফল চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে কমলা চাষের আগ্রহ বাড়ছে।
তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীবা রানী রায় জানান, মোখলেসুর রহমানের বাগানে প্রতিটি গাছে গড়ে প্রায় ৩০ কেজি কমলা উৎপাদিত হচ্ছে। বছরে বাগানের পরিচর্যায় তার খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। বিপরীতে কমলা বিক্রি করে আয় হচ্ছে প্রায় তিন লাখ টাকা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সাইফুল আলম বলেন, তারাগঞ্জের বেলে দোআঁশ ও অম্লীয় মাটি কমলা, মাল্টা ও লেবু চাষের জন্য উপযোগী। লেবুজাতীয় ফলের আবাদ সম্প্রসারণে কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।