মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তহুরা খাতুন (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার দুই ছেলে রমজান মহলদার ও হানিফ মহলদার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের লোকজন সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করলে তাতে বাধা দেন রমজান মহলদার, হানিফ মহলদার ও তাদের মা তহুরা খাতুন। এ সময় দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত তহুরা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের নাতি হাসিবুল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে ইসলাম মহলদার (৬৫), জানদার মহলদার, হোসেন মহলদার, শরিফুল, জহিরুল ও জাহিদসহ আরও কয়েকজন তার দাদির ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তার দুই চাচাও গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তহুরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।




