পাবনার ঈশ্বরদীতে টপ লেডি জাতের পেঁপে চাষ করে ৩০ লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখেছিলেন জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিন। ছয় বিঘা জমির বাগানে এবার পেঁপের ফলনও হয়েছিল বেশ ভালো। কিন্তু বৈরী আবহাওয়া, বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অধিকাংশ গাছের মাথা ভেঙে যাওয়ায় তাঁর সেই স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই কৃষি উদ্যোক্তা।
ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে শাহিনের পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, গাছের মাথা ভেঙে গেলেও অনেক গাছে প্রচুর পেঁপে ঝুলছে। শ্রমিকেরা সেসব পেঁপে সংগ্রহ করে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন। গত তিন বছর ধরে তিনি এ বাগানে টপ লেডি জাতের পেঁপে চাষ করছেন। পেঁপের পাশাপাশি সাথি ফসল হিসেবে মরিচ, কলা, কাঁকরোলসহ বিভিন্ন শাকসবজিও চাষ করেছেন।
শাহিনুজ্জামান শাহিন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকামসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি জাতীয় কৃষি পদক অর্জন করেন।
পেঁপেচাষি শাহিনুজ্জামান শাহিন বলেন, ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন তিনি। এতে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। বাগান পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও শ্রমিকের মজুরি বাবদ প্রতিবছর আরও প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়। তবে সাথি ফসল বিক্রি করে পরিচর্যার খরচের বড় একটি অংশ উঠে আসে।
তিনি বলেন, ‘টপ লেডি জাতের পেঁপে খেতে সুস্বাদু। বাজারে এর চাহিদা ও দাম দুটোই ভালো। এবার বাগানে প্রচুর ফলন হয়েছিল। ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকার পেঁপে বিক্রি করেছি। আশা ছিল, ছয় বিঘার বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব। কিন্তু বৃষ্টি ও বাতাসে অধিকাংশ গাছের মাথা ভেঙে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।’
ঈশ্বরদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় দেশে পেঁপের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে খরার সময় চৈত্র-বৈশাখ মাসে পেঁপের চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। তিনি জানান, কৃষক শাহিনুজ্জামান শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তিচালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করা হয়েছে। ফলে খরা মৌসুমেও তাঁর বাগানে সেচের পানির সংকট হয় না। এ কারণে তিনি নিয়মিত ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিন ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন। এ জাতের পেঁপে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা ও দাম তুলনামূলক বেশি। বাগানে এবার প্রচুর ফল ধরেছিল। তবে ফলের অতিরিক্ত ভার ও বাতাসের কারণে কিছু গাছের মাথা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত গাছের অবশিষ্ট অংশে খুঁটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বিঘ্নে চাষাবাদ চালিয়ে যেতে পারেন।