কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মালয়েশিয়াগামী একটি কাঠের বোট থেকে ৬৫ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর নিয়মিত টহলের সময় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নৌবাহিনী জানায়, মাছ ধরার বোট এফবি আল্লাহর দান-৮৬ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্দেহজনক কাঠের বোটটিতে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক এবং ৬৫ জনকে উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, কাঠের বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ায় ভেতরে পানি ঢুকছিল। এ সময় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে বোটটি নিয়ন্ত্রণে আনেন।
পরে উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
অভিযান শেষে আটক ১১ জন ও জব্দ করা কাঠের বোটটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।