পোশাকআশুলিয়ায় শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত শিল্পাঞ্চল, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আজও আন্দোলনে উত্তপ্ত রয়েছে সাভার- আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষোভ চলছে।
সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। পরে বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। পুলিশের ধাওয়া ও টিয়ার শেলের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে অবস্থান নেন।
সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত নিশ্চিন্তপুর, ইউনিকসহ বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এদিকে পরিস্থিতির কারণে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে সূত্র জানিয়েছে। তবে কারখানার সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।