শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উত্তপ্ত থাকা গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ প্লাটুন সদস্য। তবে আন্দোলনের পঞ্চম দিনে মঙ্গলবার সকাল থেকে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বেলা ১০টা পর্যন্ত কোনো স্থানে সড়ক আটকে রাখার ঘটনা ঘটেনি।
নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। একই সময়ে বিএনপির নেতাকর্মীদেরও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল চলছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার তথ্য পাওয়া যায়নি।
এদিকে শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে কয়েক দিনের উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলেছে।