শিক্ষার সুযোগের পাশাপাশি শিশুদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিনাজপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষা উপকরণ, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার রাজা রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনাজপুর রোটারী ক্লাবের উদ্যোগে এবং রোটারী ক্লাব অব ঢাকার সহযোগিতায় ‘স্লিপিং কিডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের জন্য দেওয়া উপহারের তালিকায় ছিল স্কুল ব্যাগ, মশারি, বালিশ, চার সেট পোশাক, স্যান্ডেল, টিফিন বক্স, পানির বোতল, কম্বল ও শীতের কাপড়। পাশাপাশি শুকনো খাবার, কলা, ডিম, বিস্কুট ও পানিও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে রোটারী ক্লাবের রংপুর জোনের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা-উল-আসমা এবং রোটারিয়ান রনজিত কুমার সিংহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রোটারী ক্লাব অব ঢাকার শেখ নাহার মাহমুদ, রফিকুল ইসলাম রাউলি ও মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় জীবনযাপনের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।




