কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বাগভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, গোডাউন ভাঙার পর জায়গাটি টিন দিয়ে ঘিরে দখলে নেওয়া হয়েছে।
অভিযোগকারী হাফিজুর রহমান হাফিজ (৫০) এবং অভিযুক্ত সহিদুল ইসলাম লিটন আপন ভাই। তাঁদের বাবা মৃত মোহাম্মদ রোস্তম আলী। পরিবারে পাঁচ ভাই ও চার বোন রয়েছেন।
হাফিজুরের ভাষ্য, ১৯৭৮ সালে তিনি জমিটি কেনেন এবং নামজারি ও খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। একই দাগ-খতিয়ানের জমি নিয়ে লিটনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ। ২০১৪ সালে লিটন জমির মালিকানা দাবি করে সড়কসংলগ্ন অংশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছিলেন। পরে পারিবারিক সিদ্ধান্তে দেয়ালটি সরিয়ে নেওয়া হয়। কয়েক দফা সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
হাফিজুর অভিযোগ করেন, শনিবার সকালে লিটন লোকজন নিয়ে তাঁর গোডাউন ভেঙে সেখানে রাখা লোহার রড, প্লাস্টিক, পাইপ, দরজা, শাটার ও অ্যাঙ্গেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যান। পরে জায়গাটি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। ঘটনাটি জানার পর সেখানে গিয়ে তিনি ভাঙচুরের বিষয়টি দেখতে পান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, তাঁর জানা মতে, বিরোধপূর্ণ জমিটি হাফিজুরের বাবা তাঁকে দলিল করে দিয়েছিলেন। স্থানীয় হাফেজ আলী ও আজিজুল ইসলাম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে জমিটি হাফিজুরের ভোগদখলে দেখে আসছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে লোকজন নিয়ে গোডাউনটি ভাঙা হয়।
অভিযোগের বিষয়ে জানতে সহিদুল ইসলাম লিটনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।