চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় দুর্বৃত্তরা কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।
শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। শনিবার সকালে কার্যালয়ে এসে আগুন দেওয়ার ঘটনার কথা জানতে পারেন তারা।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে দায়িত্ব পালন করছিলেন। ভোরে গাছপালার আড়াল থেকে কয়েকজন ব্যক্তি ব্যাংকের সাইনবোর্ড, ফটকের ভেতরের অংশ এবং দোতলা লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে দেয়াল ও ফটকে আগুন জ্বলে ওঠে।
নিরাপত্তাকর্মী বিষয়টি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফোন করেন। পরে প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে সেখানে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভিডিওতে দেখানো আগুনের দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।