নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।
নিহত জহির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, জহিরের পৈতৃক নিবাস আড়াইহাজারে হলেও তিনি কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ফার্মেসি বন্ধ করে বাসায় ফিরছিলেন জহির। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আব্দুল বারিক বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।