দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এ তথ্য জানান।
মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে পাঁচ, নারায়ণগঞ্জে চার, খুলনায় চার, মাদারীপুরে চার এবং শরীয়তপুরে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক, শিল্পাঞ্চল ও জনসমাগমস্থলে নিরাপত্তা দিচ্ছেন। নিয়মিত টহল ও নজরদারির পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় তাঁদের সতর্ক রাখা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, সম্পদের সুরক্ষা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে সদস্যরা প্রস্তুত রয়েছেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।