কক্সবাজারের পেকুয়া উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অমল ধর (৩৮) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং বাজারের এম ডি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে। তার বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। বাবার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চাইতে বৃহস্পতিবার টইটং বাজারের বিভিন্ন দোকানে যায় সে। একপর্যায়ে এম ডি জুয়েলার্সে সহযোগিতা চাইতে গেলে দোকানের কর্মচারী অমল ধর তাকে কৌশলে পেছনের একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। টইটং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বলেন, চিৎকার শুনে কয়েকজন ব্যবসায়ী দোকানে ঢোকেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।
আটক অমল ধর বারবাকিয়া ইউনিয়নের উত্তর নাথপাড়ার মৃত চিত্তরঞ্জন ধরের ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




