কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহ ও চাঁপাইনবাবগঞ্জের সজীব নামের এক যুবক। এনায়েত উল্লাহর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি কেফায়েত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চাকমারকুলে সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে বিস্তারিত তথ্য তখনো তাঁর হাতে আসেনি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।