রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে রামেবি উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী উপাচার্যকে তাঁর চেয়ারে বসিয়ে সম্মান জানান এবং পরে চা-চক্রে অংশ নেন।
ভূমিমন্ত্রী বলেন, একজন শিক্ষাবিদকে এভাবে হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু থেকেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। রাজশাহীতে কোনো ধরনের ‘মব কালচার’ সৃষ্টি করতে দেওয়া হবে না।
রামেবির অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি হয়েছে। হাসপাতালের অনুমোদন পাওয়া গেছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সময়মতো সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ঘটনাটি জানার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর দেখতে চান না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।