ভেষজ উদ্ভিদ উৎপাদনে দেশের বিশেষ পরিচিতি পাওয়া নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়ায় এবার চাষিদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও বাজারজাতকরণে আধুনিক পদ্ধতির সঙ্গে পরিচিত করানো হচ্ছে তাদের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এতে ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে ব্যাপক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হয়। এসব উদ্ভিদ দিয়ে ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ চাষ, উন্নত বিপণন ব্যবস্থা এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা অব্যাহত রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণে ভেষজ উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, উৎপাদন ও সংরক্ষণের আধুনিক কৌশল, বাজার ব্যবস্থাপনা, এসএমই ঋণ সুবিধা এবং অনলাইন বাণিজ্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরবরাহব্যবস্থাপনা, সমবায় গঠন, ভোক্তা অধিকার, ওষুধ ও প্রসাধনী আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত লক্ষ্মীপুর-খোলাবাড়িয়ায় প্রতিবছর প্রায় ১৮ হাজার ৫০০ টন অ্যালোভেরা উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এ ছাড়া শিমুলমূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন ভেষজ উদ্ভিদও উৎপাদন করেন স্থানীয় চাষিরা। এসব পণ্যের সম্মিলিত বার্ষিক বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে ভেষজ চাষে উৎপাদনশীলতা বাড়ানো, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং কৃষকদের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।