ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পৃথক দুটি অভিযানে নারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর খোসালপুর ও শ্যামকুড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিজিবি সূত্র জানায়, ভোর ৪টার দিকে খোসালপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৭৮-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের দেলোয়ার মুন্সীর করাতকলে অভিযান চালায়। এ সময় ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের লিয়াকত সর্দার (৬০), রোজিনা খাতুন (৫২), ইমাম সরদার (৩০) ও হাসিনা বিবি (৭০); দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের মহিদুল শেখ (৪৮) এবং নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের ববিতা খানম (২৬)।
অন্যদিকে, ভোর সাড়ে ৪টার দিকে শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। আব্দুল হাইয়ের সিমখেতের পাশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও দুজনকে আটক করা হয়।
তারা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের রাজীব চন্দ্র দেবনাথ (৩০) এবং হাতিয়া উপজেলার উত্তর রেহানিয়া সূর্যমুখী গ্রামের বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।
আটক আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।