গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় পরিচালিত ১৪৫টি অভিযানে এসব গ্রেফতার ও উদ্ধারের ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫৪ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার আসামি ৮১ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ছয়জন রয়েছেন। গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি ও সেবনকারী ১৭ জন।
এদিকে অভিযানের সময় রেঞ্জের বিভিন্ন এলাকায় ৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে দুটি, দস্যুতার ঘটনায় একটি, চুরির ঘটনায় দুটি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। অন্যান্য অপরাধে মামলা হয়েছে ৫০টি।
তবে ওই সময়ে ডাকাতি, যৌতুকের কারণে হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। পাশাপাশি সাতটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে পুলিশ।
অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাও রয়েছে। এসআরবি উদ্ধার করেছে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন। অন্যদিকে বিজিবির অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইন, ১১০টি ইয়াবা, ২০টি ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ এবং ২৫ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের পুলিশি সেবা দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১ হাজার ৩২ জন সেবাগ্রহীতা পুলিশের সহায়তা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৮৬ জনে।