বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতার দিক থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। মানুষ শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন দলের প্রতি আস্থা হারাচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনীতে জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকনদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিম। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
বক্তব্যে এটিএম মাছুম হজরত ইব্রাহিম (আ.)-এর জীবনের পরীক্ষার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হয়। নেতৃত্বের দায়িত্ব পেলে জনগণের প্রত্যাশা পূরণে সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। এ জন্য দৃঢ় ঈমান, নিয়তের বিশুদ্ধতা ও দায়িত্ব পালনে আন্তরিকতা জরুরি। দ্বীনের কাজকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, একজন মুমিন দায়িত্ব পালনে অবিচল থাকবেন এবং হতাশ হয়ে ভেঙে পড়বেন না। ১৯৭১ সাল নিয়ে জামায়াতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
কর্মশালায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর পরিবেশবিজ্ঞানী নজরুল ইসলাম, ফেনী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খোন্দকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, লন্ডনপ্রবাসী নেতা অধ্যাপক মফিজুর রহমান (ভার্চুয়ালি) এবং ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা দারসুল কোরআন পেশ করেন।প্রশ্নোত্তর পর্বে জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে এটিএম মাছুম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে।