কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আফসান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর জাসাসের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাংগঠনিক সম্পাদক সালমান জন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন রাজেসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কুমিল্লায় এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবে। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। কুমিল্লার মাটিতে জনবিরোধী কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।