ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে শেখ হোসেন আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দর্শা মন্তনী এলাকায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের আর্থিক সংকট ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধের বিষয়টি তদন্তে উঠে এসেছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর স্পষ্ট হবে বলে জানান ওসি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।