রংপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর সেনানিবাসে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন।
পরে মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। দেশের বিভিন্ন সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।