সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চেসি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রক্টর জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরে জরুরি কাজে বাইরে গেলে চেসির সহপাঠী রিসাচ চাকমা তাকে মৃত্যুর খবর জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাড়িতে পূজার দাওয়াতে গিয়েছিলেন চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।
দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
উন্নত চিকিৎসার জন্য ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। সেখানে কয়েক দিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চেসির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।