দেশকে এগিয়ে নিতে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দেশের ২০টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা থাকা প্রয়োজন। শিল্প বিকাশের জন্য ইন্ডাস্ট্রি-ক্যাম্পাস সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ারসংক্রান্ত যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশে কর্মসংস্থানের তুলনায় প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা যুবকের সংখ্যা বেশি। ফলে একটি বড় অংশ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে।

তিনি আরও বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি কঠিন হয়ে পড়ে। ক্যাপাসিটি চার্জ, কর অব্যাহতি, কর ফাঁকি ও কর জালিয়াতির মতো বিষয়গুলোও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।