যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, গত সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতে চীনা প্রতিষ্ঠান হারবিনের একদল প্রকৌশলী কাজ শুরু করেছেন। তবে ইউনিট দুটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কেন্দ্রটির তৃতীয় ইউনিট থেকে দৈনিক ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ইউনিট দুটি চালু রাখতে প্রতিদিন যথাক্রমে প্রায় ২ হাজার ৫০০ মেট্রিক টন ও ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হতো।
এদিকে, কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবরের যেকোনো সময় ইউনিটটি চালু করা সম্ভব হবে।
কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহ ও ভোল্টেজ পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।




