মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের বাজারমূল্য ২ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রবিবার ভোরে উপজেলার সওড়াতলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুল আমীন (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ রুহুল আমীনকে আটক করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।




