ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
পরে প্রশাসন ভবন থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আবাসিক হল কর্তৃপক্ষ, রাজনৈতিক, সামাজিক, পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। প্রতিটি বিভাগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ফল পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এ উদ্যোগ শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম মডেল, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।