কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ায় আগুনে পুড়ে গেছে ১৮টি সেমিপাকা বসতঘর। এতে ভাড়াটে ৮ থেকে ১০টি পরিবার ঘরবাড়ি ও মালামাল হারিয়ে বিপাকে পড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। ঘরগুলো কাছাকাছি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসিন্দারা প্রাণে রক্ষা পেলেও আসবাবপত্র, পোশাক ও জরুরি কাগজপত্রসহ বেশির ভাগ জিনিসপত্র বের করতে পারেননি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে খবর পাওয়ার ছয় মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টা ২০ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাড়ির মালিক আবদুস সালামের ১৮টি সেমিপাকা বসতকক্ষ ও একটি নেলকুনি পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, দ্রুত উদ্ধার তৎপরতায় আশপাশের প্রায় ৪০ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে বলে জানান স্টেশন কর্মকর্তা।
দীর্ঘদিন ধরে ওই ঘরগুলোতে বসবাস করা পরিবারগুলো এখন আশ্রয় ও প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা চেয়েছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও মেরামতের ব্যবস্থাও দাবি করেছেন তারা।