চট্টগ্রামের চন্দনাইশে লোকালয়ে ঢুকে পড়া একটি মেছো বাঘ ট্রাংকুলাইজ করে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধনার পাড়া কাশেম মাস্টার বাড়ি এলাকা থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা মেছো বাঘটিকে দেখতে পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগকে খবর দেন। পরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন এবং বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলীর সমন্বয়ে ডুলাহাজারা সাফারি পার্কের একটি দল ঘটনাস্থলে যায়।
দলটি মেছো বাঘটিকে ট্রাংকুলাইজ করে অচেতন অবস্থায় নিরাপদে উদ্ধার করে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যায়। বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী জানান, বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য ট্রাংকুলাইজ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে এটি সাফারি পার্কে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, মেছো বাঘ বাংলাদেশের বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। লোকালয়ে মেছো বাঘ বা এর বাচ্চা দেখা গেলে ধরাধরি, ভয় দেখানো বা অন্যত্র সরিয়ে না নিয়ে বন বিভাগকে খবর দেওয়াই নিরাপদ।




