স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে যশোরের অভয়নগর। এ অর্জন উপলক্ষে উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার নির্বাহী কমিটির সভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কমিটির সহসভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট শাখার সহসভাপতি শহিদুল ইসলাম, আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার ও মাদরাসা শাখার সহসভাপতি এম মনিরুজ্জামান, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শাখার সহসভাপতি বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ এবং কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরাসহ কমিটির অন্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস এম ফারুক আহমেদ।