কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে কমিটি গঠনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হট্টগোল ও মারপিটের ঘটনায় শেষ পর্যন্ত সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন সংশ্লিষ্ট নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মেলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা ও মহানগর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
সম্মেলনের মঞ্চে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়কে দেখে আপত্তি জানান কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা। তাদের অভিযোগ, এই দুই নেতা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে সম্মেলনে উপস্থিত দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হট্টগোল ও মারপিট শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে প্রধান অতিথি সামসুজ্জামান সামুও লাঞ্ছিত হন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা অভিযোগ করেন, সম্মেলনে হামলার নেতৃত্ব দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, সুনীল ও বিপ্লব কুমার। তাদের সঙ্গে ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, আতিকুল ইসলাম লেলিন ও জহির আলম নয়নসহ অন্যরা।
তিনি বলেন, পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকতে পারেন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপির লোকজন এসে সম্মেলন পণ্ড করবে কেন? তার দাবি, ডা. নিখিলেন্দ্র শংকর গুহ নিজেই পরিষদের সভাপতি হতে চেয়েছিলেন।
অন্যদিকে বিকেলে সংবাদ সম্মেলনে ডা. নিখিলেন্দ্র শংকর গুহ বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পদধারী ও অর্থদাতারা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে রয়েছেন। জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ডুর বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থানের অভিযোগে মামলা রয়েছে। মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তাদের নিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।
মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন। হট্টগোলের খবর পেয়ে তারা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের উদ্যোগ তারা মেনে নেবেন না বলেও জানান।
এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, কারা হামলা চালিয়েছে, তা সবাই জানেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সম্মেলন আয়োজনের বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানানো হয়নি। তবে সেখানে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছিল। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




