কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বিকেল ৪টার দিকে জামতলা মোড়ের উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও অরাজকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে তা প্রতিহত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো গোষ্ঠী বাধা সৃষ্টি করলে বিএনপি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ চলছে। দেশের অগ্রযাত্রায় কোনো ষড়যন্ত্র বা বাধা মেনে নেওয়া হবে না। এ সময় তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, আজিম উদ্দিন আজিম এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারি।




