কক্সবাজারের পেকুয়া উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন পশু চিকিৎসক বেলাল উদ্দিন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তার দাবি, এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ভোরে পুকুরের পানিতে রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি পুকুরের মালিক বেলাল উদ্দিনকে জানানো হলে তিনি এসে অধিকাংশ মাছ মরে যাওয়ার বিষয়টি দেখতে পান।
বেলাল উদ্দিন পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তিনি বলেন, শখের বশে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করছিলেন। মাছগুলো বড় হলে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে ভাগ করে দেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু মাছগুলো মরে যাওয়ায় সেই আশা পূরণ হলো না।
বেলাল উদ্দিনের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মদন আলীর ছেলে শাহালম তাকে আগে হুমকি দিয়েছিলেন। এ ঘটনার পেছনে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিনসহ অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ঘটনার তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বেলাল উদ্দিন জানান, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এ বিষয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।