গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী শত শত মানুষ অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।
সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলামের উদ্যোগে কয়েকজন স্থানীয় বাসিন্দাকে নিয়ে সমাধিসৌধ ধোয়া-মোছার কাজ শুরু হয়। পরে খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে সেখানে জড়ো হন। তারা সমাধিসৌধের প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কারে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই তারা এ কাজে এসেছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে টুঙ্গিপাড়ায় এলে বাবার সমাধিসৌধটি আগের মতো পরিচ্ছন্ন দেখতে পাবেন।
ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজা দাবি করেন, গত ২৭ মাস ধরে সমাধিসৌধে প্রবেশে বাধা ছিল। তার ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশাকে সামনে রেখে সাধারণ মানুষ নিজের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন। এতে সরকারি কোনো উদ্যোগ বা অর্থায়ন নেই বলেও তিনি দাবি করেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে তারা সমাধিসৌধ পরিষ্কারের কাজে নেমেছেন। শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন সমাধিসৌধটি বন্ধ থাকায় সেখানে ময়লা-আবর্জনা জমেছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।