মযয়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫১ দশমিক ৪৪ শতাংশ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ১৫ হাজার ৬৪৭ এবং মেয়েদের সংখ্যা ২০ হাজার ৭০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল্য দেখিয়েছে মেয়েরা। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান।
শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমানসহ বোর্ডের ন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।
অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ। শনিবার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রি ফলাফলে এর প্রভাব পড়েছে। তিনি আরো জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।