শীতের মৌসুম শুরু হতেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বেড়েছে কম্বল তৈরির ব্যস্ততা। উপজেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার নারী-পুরুষের জীবিকার সঙ্গে জড়িয়ে গেছে এই শিল্প। তৈরি কম্বল শুধু স্থানীয় চাহিদাই পূরণ করছে না, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কাজীপুর থেকে পাইকারি দামে কম্বল কিনে নিয়ে যাচ্ছেন। শীতকে ঘিরে তাই গ্রামজুড়ে এখন কর্মচাঞ্চল্য।
অথচ আড়াই দশক আগেও যমুনা নদীর করাল গ্রাসে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এসব এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। জীবিকার তাগিদে অল্প পরিসরে শুরু হওয়া কম্বল তৈরির কাজ আজ পরিণত হয়েছে সম্ভাবনাময় কুটির শিল্পে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৪ সালের দিকে কাজীপুরের ছালাভরা কুনকুনিয়া গ্রামের আব্দুল খালেক নিজের বাড়িতে পোশাক কারখানার ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি শুরু করেন। পরে বর্ষীভাঙ্গা গ্রামের সাইদুল ইসলামও একই কাজে যুক্ত হন। গাজীপুর থেকে পোশাক কারখানার ফেলে দেওয়া কাপড় সংগ্রহ করে তারা কম্বল তৈরি করতেন। সাইকেলে করে আশপাশের গ্রামে এসব কম্বল বিক্রি করেই শুরু হয় ব্যবসার বিস্তার।
সময়ের সঙ্গে সঙ্গে এ উদ্যোগ ছড়িয়ে পড়ে উপজেলার শিমুলদাইড়, বর্ষীভাঙ্গা, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, পাইকরতলী, ঢেকুরিয়া, বরইতলা, মুসলিমপাড়া, মানিকপটল, গাড়া বেড়, রশিকপুর, হরিনাথপুর, ভবানীপুর, মাথাইলচাপড়, রৌহাবাড়ী, পলাশপুর, বিলচতল, লক্ষ্মীপুর, বেলতৈল, চকপাড়া, চালিতাডাঙ্গা, কবিহার ও হাটশিরা গ্রামে। এসব এলাকার অন্তত ৩০ হাজার মানুষ কম্বল তৈরির বিভিন্ন ধাপে সরাসরি কাজ করছেন।
শিমুলদাইড় বাজারের কারিগর আবু সাঈদ জানান, পোশাক কারখানা থেকে সংগ্রহ করা ঝুট কাপড় নির্দিষ্ট পদ্ধতিতে সেলাই করে কম্বল তৈরি করা হয়। ব্যবসায়ীরা ঢাকা থেকে এসব কাপড় কিনে আনেন। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন কাপড় দিয়েও কম্বল তৈরি করা হয়।
কারিগর সাইদুল ইসলাম বলেন, প্রায় ২৫ থেকে ২৬টি গ্রামের মানুষ এ শিল্পের সঙ্গে যুক্ত। পা ও ফ্ল্যাটলক মেশিনে কম্বল তৈরির কাজ হয়। একজন শ্রমিক পা চালিত মেশিনে দিনে আট থেকে ১০টি কম্বল তৈরি করতে পারেন। প্রতিটি কম্বল তৈরির জন্য মাপ অনুযায়ী ৩০ থেকে ৫০ টাকা মজুরি পান। অন্যদিকে ফ্ল্যাটলক মেশিনে একজন কারিগর দিনে ৩৫০ থেকে ৫০০টি কম্বল তৈরির কাজ করতে পারেন। মৌসুমে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারের কাজের ফাঁকে এ পেশায় যুক্ত হয়ে বাড়তি আয় করছেন।
ফ্ল্যাটলক মেশিনের কারিগর ইসমাইল শেখ জানান, প্রতিটি মেশিনে অন্তত তিনজন শ্রমিক কাজ করেন। এতে একজন শ্রমিকের দৈনিক আয় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত হয়।
ছালাভরা গ্রামের সুফিয়া খাতুনের সংসারেও স্বস্তি এনেছে কম্বল সেলাইয়ের কাজ। তিনি প্রতিটি কম্বল সেলাই করে ৩০ থেকে ৪০ টাকা পান। ঘরের কাজ সামলে প্রতিদিন সাত থেকে ১০টি কম্বল সেলাই করতে পারেন। এতে তার দৈনিক আয় দাঁড়ায় ২৮০ থেকে ৪০০ টাকা। এই অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনার খরচের পাশাপাশি সংসারের প্রয়োজনীয় ব্যয়ও মেটাতে পারছেন তিনি। অন্যদিকে স্বামীর উপার্জিত অর্থ সঞ্চয় করে কৃষিজমি ও গবাদিপশু পালনে বিনিয়োগ করছেন।
শিমুলদাইড় বাজারের মেসার্স ভাই-বোন ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম জানান, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে পোশাক কারখানার ঝুট কাপড় সংগ্রহ করা হয়। এসব কাপড়ের দাম মানভেদে প্রতি মণ ৫০০ থেকে তিন হাজার টাকা। এক মণ কাপড় দিয়ে ৭০ থেকে ১২০টি পর্যন্ত কম্বল তৈরি করা সম্ভব। প্রতিটি কম্বল পাইকারিতে ৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
তিনি আরও জানান, বাজারটিতে কম্বলের প্রায় ১০০টি দোকান রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে কম্বল কিনে নিয়ে যান। শীতের মৌসুমে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার কম্বল কেনাবেচা হয়।
রংপুর থেকে কম্বল কিনতে আসা ব্যবসায়ী লিয়াকত আলী জানান, দাম তুলনামূলক কম এবং ব্যবহারেও আরামদায়ক হওয়ায় প্রতিবছর শীতের মৌসুমে তিনি কাজীপুরে আসেন। এবার ইতোমধ্যে প্রায় ২০ লাখ টাকার কম্বল কিনে মজুত করেছেন। আগামী মাস থেকে বিক্রি শুরু করবেন। পর্যায়ক্রমে আরও পাঁচ লাখ টাকার কম্বল কেনার পরিকল্পনা রয়েছে তার।
শিমুলদাইড় বাজার বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন জানান, কম্বলের পাশাপাশি শিশুদের বিভিন্ন ধরনের পোশাকও তৈরি হচ্ছে এখানে। উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আবার অনেকে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি শীত মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি টাকার কম্বল ও শিশুদের পোশাক বিক্রি হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, কাজীপুরের কম্বল শিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই শিল্পের কারণে গ্রামে বসেই হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তুলনামূলক কম দাম ও আরামদায়ক হওয়ায় কম্বলগুলো সব শ্রেণির ক্রেতার কাছেই জনপ্রিয়তা পাচ্ছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন জানান, কম্বল শিল্পের বিকাশে কারিগরদের প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।