কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে সড়কপথে ইউরেনিয়ামবাহী তিনটি লরির বহর পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্পে পৌঁছায়।
এর আগে শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি বুঝে নেওয়ার পর সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে নেওয়ার কার্যক্রম শুরু হয়।
প্রকল্প সূত্র জানায়, ইউরেনিয়াম পরিবহনের সময় সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ঈশ্বরদী ও রূপপুর এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ইউরেনিয়ামের চালান রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল। সেনাবাহিনীর নিরাপত্তায় এটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এদিকে, প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভের ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। তাঁর মতে, এটি বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
প্রকল্প সূত্র জানায়, পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপ্যাসকেল চাপে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। এরপর ফিশন রিঅ্যাকশন ও পাওয়ার স্টার্টআপের প্রক্রিয়া শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুতের একটি অংশ সরবরাহের লক্ষ্য রয়েছে।
প্রকল্প সূত্র আরও জানায়, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কয়েকটি ফ্লাইটে প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য আরও ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে।