চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে চুরি মামলার আট আসামি, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানা ও ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টা থেকে ২৪ অক্টোবর সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয় বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুরি মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ছৈয়দ (৪৮), মো. নজরুল ইসলাম (৩৫), নয়ন ওরফে আব্দুল্লাহ (৪০), নাছির উদ্দিন (৩৫), মো. নজরুল ইসলাম (২৪), আব্দুর রহমান (২৭), তারেক (২৬) ও শরীফ মিয়া ওরফে কালু (২৭)। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দায়ের করা চুরি-সংক্রান্ত মামলায় দণ্ডবিধির ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে, জিআর পরোয়ানায় মো. আব্দুল গনি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. রাসেলকে (২৩) গ্রেপ্তার করা হয়। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রাসেলকে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।